ভারতের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে পারমাণবিক শক্তির দোহাই দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। বুধবার দ্য ডন পত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্য দেখা যায়।
মরিয়ম নওয়াজ বলেন, “পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ফলে আমাদের ওপর হামলার সাহস কারও নেই। শত্রুরা জানে- এই দেশ তার নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় প্রস্তুত।”
তিনি আরো বলেন, “আজ সীমান্তে উত্তেজনা রয়েছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। আল্লাহর রহমতে, আমাদের সেনাবাহিনী দৃঢ়ভাবে প্রস্তুত এবং দেশের প্রতিরক্ষায় সম্পূর্ণ সক্ষম।”
দেশপ্রেমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মরিয়ম বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে বহিরাগত আক্রমণের মুখে সবাইকে সেনাবাহিনীর পাশে ইস্পাতের প্রাচীরের মতো দাঁড়াতে হবে। পাকিস্তানের শক্তির উৎস শহীদদের আত্মত্যাগ।”
এই সময় তিনি দাবি করেন, পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নওয়াজ শরীফ ‘ঐতিহাসিক ভূমিকা’ রেখেছেন।
অন্যদিকে জম্মু ও কাশ্মিরের পহেলগাঁওয়ে হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে বলে দেশটির গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ প্রেক্ষিতে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসকে ফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, “যদি ভারত কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে।”
সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ বলেন, “যদি পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তাহলে আত্মরক্ষার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দ্বিধা থাকবে না।”
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক মহলের কূটনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন বিশ্লেষকরা।

