২০২৪ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার কোটি মার্কিন ডলারে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৪ শতাংশ বেশি। এটি স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ের মধ্যে এক বছরে সর্বোচ্চ সামরিক ব্যয় বৃদ্ধির রেকর্ড বলে জানিয়েছে সুইডেনভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি)।
সোমবার প্রকাশিত সিপ্রির প্রতিবেদনে বলা হয়, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় সব অঞ্চলে সামরিক ব্যয়ে এই ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা এবং সশস্ত্র সংঘাতের কারণে দেশগুলো প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে- যা অন্য খাতের বাজেট কাটছাঁট করে মেটানো হচ্ছে।
সিপ্রির তথ্য অনুযায়ী, ইউরোপে (রাশিয়াসহ) সামরিক ব্যয় ১৭ শতাংশ বেড়েছে, যা স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ের মধ্যে সর্বোচ্চ।
রাশিয়ার সামরিক ব্যয় ২০২৪ সালে ৩৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৯০০ কোটি ডলারে, যা দেশটির জিডিপির ৭.১ শতাংশ এবং মোট সরকারি ব্যয়ের ১৯ শতাংশ।
ইউক্রেনের সামরিক ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়ে ৬ হাজার ৪৭০ কোটি ডলারে পৌঁছেছে। যদিও এটি রাশিয়ার সামরিক বাজেটের ৪৩ শতাংশ, তবু জিডিপির অনুপাতে ইউক্রেনই বিশ্বের শীর্ষ সামরিক ব্যয়কারী দেশ হিসেবে উঠে এসেছে- দেশটি তাদের মোট জিডিপির ৩৪ শতাংশ ব্যয় করেছে প্রতিরক্ষা খাতে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৭০০ কোটি ডলারে। এটি একাই বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৭ শতাংশ এবং ন্যাটো জোটের সামরিক ব্যয়ের ৬৬ শতাংশ।
সিপ্রি সতর্ক করেছে, অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বাজেট কমিয়ে প্রতিরক্ষা ব্যয়ে অগ্রাধিকার দিলে ভবিষ্যতে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

