মাত্র এক সপ্তাহে মাউন্ট এভারেস্ট জয় সম্ভব কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে একটি বাণিজ্যিক পর্বতারোহণ কোম্পানির ঘোষণার পর। অস্ট্রিয়ান গাইড লুকাস ফুর্টেনবাখের প্রতিষ্ঠান সম্প্রতি এমন এক প্যাকেজ ঘোষণা করেছে, যেখানে মাত্র সাত দিনের মধ্যে এভারেস্টের চূড়ায় পৌঁছানোর প্রস্তাব দেওয়া হয়েছে- তাও আবার শ্বাসের মাধ্যমে জেনন গ্যাস ব্যবহার করে অভিযোজন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি নিয়ে।
এই ‘দ্রুততম এভারেস্ট জয়’ প্যাকেজে যাত্রা শুরু হবে লন্ডন থেকে। সরাসরি ফ্লাইটে গ্রাহকদের নিয়ে যাওয়া হবে নেপালের কাঠমান্ডুতে, সেখান থেকে হেলিকপ্টারে এভারেস্টের বেজক্যাম্পে। কয়েক দিনের মধ্যে তারা চূড়ায় পৌঁছাবে। পুরো প্রক্রিয়ার খরচ জনপ্রতি নির্ধারিত হয়েছে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।
জেনন গ্যাস মূলত অ্যানেসথেটিক বা চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। তবে এক দশক আগে গবেষণায় দেখা যায়, এটি শরীরে ‘এরিথ্রোপয়েটিন’ (ইপিও) নামক একটি প্রোটিনের উৎপাদন বাড়ায়। ইপিও কিডনিতে তৈরি হয় এবং রক্তে লোহিত কণিকা ও হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে, যা উচ্চতায় কম অক্সিজেনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে।
ফুর্টেনবাখ দাবি করছেন, এই গ্যাস ব্যবহারের ফলে অভিযাত্রীরা কম সময়ে শরীরে অভিযোজন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং উচ্চতার বিরূপ পরিবেশে দ্রুত অভিযোজিত হবেন। এর ফলে তাদের অভিযানের সময় কমবে এবং তুষারধস বা হাইপোথারমিয়ার মতো ঝুঁকিও হ্রাস পাবে। তিনি জানান, নিজে এর আগের কিছু অভিযানে সফলভাবে জেনন গ্যাস ব্যবহার করেছেন।
তবে বিশেষজ্ঞরা এ নিয়ে সন্দিহান। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের উচ্চতাজনিত চিকিৎসা বিশেষজ্ঞ অধ্যাপক অ্যান্ড্রু পিকক বলেন, ‘‘শুধু ইপিও বাড়লেই হবে না, প্রশ্ন হলো- এই অল্প সময়ে তা লোহিত রক্তকণিকার উৎপাদনে বাস্তব প্রভাব ফেলতে পারবে কি?’’
তিনি আরো বলেন, ‘‘এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই যে, জেনন গ্যাস শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে মানবদেহে অভিযোজন প্রক্রিয়া দ্রুত ঘটে।’’
এভারেস্ট জয়ের ইতিহাসে এ ধরনের উদ্যোগ নজিরবিহীন। ১৯৫৩ সালে প্রথমবার তেনজিং নোরগে ও এডমন্ড হিলারির নেতৃত্বে এভারেস্ট জয় করতে সময় লেগেছিল দুই মাসের বেশি। এখনও বেশিরভাগ অভিযানে বেজক্যাম্পে হেঁটে পৌঁছাতে এক সপ্তাহ এবং সেখান থেকে চূড়া জয় করতে আরো প্রায় ৪০ দিন সময় লাগে।
২০২৫ সালের মে মাসে এই অভিযানের প্রথম দল চারজন ব্রিটিশ পর্বতারোহী নিয়ে এভারেস্ট অভিযানে যাবেন বলে জানিয়েছে ফুর্টেনবাখ। তবে বিজ্ঞানীদের মতামত অনুযায়ী, এ ধরনের পরীক্ষামূলক পদ্ধতি বাস্তবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

