জেরুজালেমে আগুন ছড়িয়েছে বহু কিলোমিটার জুড়ে, তদন্তে জড়িয়েছে গোয়েন্দা সংস্থাও। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে ছড়িয়ে পড়া দাবানল দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে রূপ নিয়েছে বলে জানিয়েছে ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ।
বুধবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে আরও দীর্ঘ সময় লাগবে এবং পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
সকাল ৯টা ৩০ মিনিটের দিকে দাবানলের সূচনা হয় মেসিলাত জিওনে। এরপর তীব্র বাতাসের কারণে আগুন পশ্চিম ও পরে পূর্ব দিকে ছড়িয়ে পড়ে। ফ্রিডম্যান সতর্ক করে বলেন, “সন্ধ্যার পর বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা আগুন নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলবে।”
দাবানলের উৎস সম্পর্কে তিনি বলেন, “আমাদের কাছে কোনো স্পষ্ট ধারণা নেই।” তবে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিষয়টি তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। তাদের ধারণা, এটি হতে পারে পরিকল্পিত অগ্নিসংযোগ। কেউ কেউ হয়ত আগুন ছড়াতে ইচ্ছাকৃতভাবে ভূমিকা রেখেছেন- এমন অভিযোগও উঠেছে।
অগ্নিকাণ্ড মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি এবং বুলগেরিয়ার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। ইতোমধ্যে গ্রিস ও ইতালির অগ্নিনির্বাপক বিমান ইসরায়েলের উদ্দেশে রওনা হয়েছে।
ইসরায়েলের সেনাপ্রধান আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।
এছাড়া ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষও তাদের ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তার প্রস্তাব দিয়েছে।
এই মুহূর্তে ইসরায়েলজুড়ে জরুরি সতর্কতা জারি রয়েছে, আর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি চলছে। দাবানলের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত চলছে।

