আজ (বৃহস্পতিবার) ১ মে- বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস, যা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসগর্বিত এক দিন। ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস।
১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট স্কয়ারে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি এবং ন্যায্য মজুরির আন্দোলনে অংশ নেন। পুলিশের গুলিতে সেই আন্দোলনে প্রাণ হারান বেশ কয়েকজন শ্রমিক। তাদের আত্মত্যাগের স্মরণেই বিশ্বব্যাপী দিনটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পালন করা হয়।
নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন:
- “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও।”
— (সুনান ইবনে মাজাহ, হাদীস: ২৪৪৩)
বর্তমানে প্রায় ৮০টি দেশে ১ মে সরকারিভাবে ছুটির দিন হিসেবে পালিত হয়। আরও অনেক দেশে দিনটি বেসরকারিভাবে শ্রদ্ধা ও বিভিন্ন আয়োজনে পালন করা হয়।
বাংলাদেশে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজকের মে দিবসের কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মিছিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।
রাজনৈতিক দলগুলো পৃথক বিবৃতির মাধ্যমে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখযোগ্য যে, ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর থেকে দিনটি আন্তর্জাতিক স্বীকৃতি পায় এবং মালিক-শ্রমিক সম্পর্কে গড়ে ওঠে নতুন ধারার ইতিবাচক পরিবর্তন।
দিবসটি শুধু ইতিহাসের স্মারক নয়, বরং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় চলমান সংগ্রামের অনুপ্রেরণাও বয়ে আনে প্রতিটি বছর।

