দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হামাস। গাজা উপত্যকার পরিস্থিতি ঘিরে সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, “দখলদারিত্ব চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।” সূত্র: আলজাজিরা
বিবৃতিতে হামাস নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য- নেতানিয়াহুর ‘নির্ধারিত বিজয়’ এবং রাফাহ ধ্বংস করার মন্তব্য ‘গাজায় তার সেনাবাহিনীর ব্যর্থতা ঢাকতে এবং জনসাধারণকে বিভ্রান্ত করার একটি মরিয়া প্রচেষ্টা’। গোষ্ঠীটি বলেছে, “রাফাহ হলো ফিলিস্তিনি দৃঢ়তার প্রতীক। এটি বরং ইসরায়েলি বাহিনীর জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে উঠবে।”
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে আক্রমণ চালিয়ে ১,২০০ জনকে হত্যা করে এবং প্রায় ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় দফায় দফায় অভিযান শুরু করে। আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ১৮ মার্চ আবার নতুন করে সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। দ্বিতীয় দফার এ অভিযানে ২,০০০’র বেশি ফিলিস্তিনি নিহত হন এবং ৫,০০০-এর বেশি আহত হন।
হামাস দাবি করছে, এ পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৫৩,৩০০ জন নিহত এবং ১,১৬,৪১৬ জন আহত হয়েছেন, যাদের ৫৬ শতাংশ নারী ও শিশু।
এদিকে দেখা যায়, এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এক ব্যাচে বন্দি বিনিময় এবং পাঁচ বছরের জন্য যুদ্ধবিরতিতে রাজি রয়েছে হামাস। তবে তারা এর সঙ্গে আরও কিছু শর্ত জুড়ে দিয়েছে- ২০২৩ সালের ৭ অক্টোবরের আগের অবস্থা ফিরিয়ে আনা, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, বন্দি বিনিময় এবং পর্যাপ্ত মানবিক সহায়তার নিশ্চয়তা।
বিশ্লেষকদের মতে, হামাসের কৌশলগত এই বার্তা মূলত দখলদারিত্বের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধের অঙ্গীকার এবং সম্ভাব্য চুক্তির পথ উন্মুক্ত রাখার কূটনৈতিক প্রচেষ্টা।

