দীর্ঘ কয়েক সপ্তাহের উত্তেজনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। বুধবার (ওয়াশিংটন সময়) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই চুক্তিতে স্বাক্ষর হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনের দুর্লভ খনিজসম্পদে প্রবেশাধিকার পাবে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে অর্থায়নের প্রতিশ্রুতি দেবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইউক্রেন পুনর্গঠন বিনিয়োগ তহবিল’ গঠনের মধ্য দিয়ে রাশিয়াকে একটি পরিষ্কার বার্তা দেওয়া হলো- ট্রাম্প প্রশাসন একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ ইউক্রেন গড়ার ব্যাপারে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, এই অংশীদারত্বের ভাবনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যা শুধু কৌশলগত নয়, বরং একটি টেকসই শান্তি প্রতিষ্ঠায় দুই দেশের জনগণের পারস্পরিক অঙ্গীকারও প্রতিফলিত করে।
চুক্তির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই সমঝোতা কিয়েভকে পুনর্গঠনের পাশাপাশি পশ্চিমা জোটের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতেও সহায়তা করবে।

