পাকিস্তানের ইতিহাসে এই প্রথম, দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর একজন কর্মরত প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (এনএসএ) দায়িত্ব দেওয়া হলো। লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক এখন থেকে এই দুই গুরুত্বপূর্ণ পদেই দায়িত্ব পালন করবেন।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে দেখা যায়, বৃহস্পতিবার সরকারের জারি করা এক প্রজ্ঞাপনে অসিম মালিককে এনএসএ হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য প্রকাশ করা হয়। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন। একই সঙ্গে তিনি আইএসআই মহাপরিচালক হিসেবেও বহাল থাকবেন, যে পদে তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এটি একটি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। তার এই দ্বৈত দায়িত্ব গ্রহণ এমন এক সময় এলো, যখন ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে, বিশেষ করে সাম্প্রতিক কাশ্মীরের পেহেলগামে হামলার পর।
এনএসএ পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল। ইমরান খান সরকারের পতনের পর, ২০২২ সালের এপ্রিল মাসে মঈদ ইউসুফের দায়িত্ব শেষ হওয়ার পর থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি খালি পড়ে ছিল। প্রায় দুই বছর পর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পূরণ করলো সরকার।
আইএসআই প্রধানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও জিওস্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তান সরকার সেনা গোয়েন্দা নেতৃত্বকে আরও সক্রিয়ভাবে জাতীয় সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুক্ত করতে চাইছে।

