কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক আলোচনায় নেমেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার আলাদা ফোনালাপে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেন। আলোচনায় দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এস জয়শঙ্করকে ফোন করে রুবিও পেহেলগাম হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি আহ্বান জানান, ভারত যেন হামলার তদন্তে প্রমাণ-ভিত্তিক অবস্থান নেয় এবং কোনো পক্ষকে দোষারোপে সচেতন থাকে।
অন্যদিকে শাহবাজ শরিফের সঙ্গে ফোনালাপে রুবিও হামলার তীব্র নিন্দা জানান এবং হামলার তদন্তে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন। জবাবে শাহবাজ ভারতের “উস্কানিমূলক আচরণ” নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা বাড়াবে। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান, যেন তারা ভারতের ওপর দায়িত্বশীল আচরণে চাপ সৃষ্টি করে।
উল্লেখ্য ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বৈসরণ তৃণভূমিতে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সংগঠন হামলার দায় স্বীকার করেছে, যা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।
এই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরমে পৌঁছায়। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করলে, পাল্টা পদক্ষেপে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে এবং নিজেদের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধের ঘোষণা দেয়। উভয় দেশই ৪৮ ঘণ্টার মধ্যে একে অপরের নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের এই মধ্যস্থতামূলক উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে কূটনৈতিক গুরুত্ব বহন করছে।

