কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত পর্যন্ত গড়িয়েছে। পাকিস্তান নিজেদের আকাশসীমায় ভারতের বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও একই সিদ্ধান্ত নেয়। এ পরিস্থিতির বড় শিকার হয়ে উঠেছে ভারতীয় রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় এয়ার ইন্ডিয়াকে এখন বিকল্প রুটে উড়তে হচ্ছে। এতে জ্বালানি ব্যয়, সময় এবং রক্ষণাবেক্ষণ খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। সংস্থাটির হিসাবে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বছরে অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৫৯১ থেকে ৬০০ মিলিয়ন ডলার।
এয়ার ইন্ডিয়া জানায়, বিকল্প রুটে ফ্লাইট পরিচালনার ফলে যাত্রার সময় বেড়ে যাচ্ছে, যার ফলে যাত্রীদের অসন্তোষ ও সেবার মানে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। যাত্রীদের স্বস্তি নিশ্চিতে সংস্থাটি এখন চীনের আকাশসীমা ব্যবহার করে বিকল্প পথ ভাবছে। তবে এ জন্য চীনা কর্তৃপক্ষের ছাড়পত্র প্রয়োজন, যা পেতে সরকারের সহযোগিতা কামনা করেছে এয়ার ইন্ডিয়া।
উল্লেখ্য, পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছায়। ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে হামলার জন্য দায়ী না করলেও ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার এবং সিন্ধু নদী পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো কঠোর পদক্ষেপ নেয়। পাল্টা জবাবে পাকিস্তান স্থল ও আকাশসীমা বন্ধসহ বিভিন্ন কড়া সিদ্ধান্ত নেয়।
বর্তমানে পাকিস্তানের আকাশসীমা অন্তত ২৩ মে পর্যন্ত ভারতের জন্য বন্ধ থাকবে বলে জানা গেছে। তবে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

