দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই সাং-মক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ মে) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চোইয়ের পদত্যাগ গ্রহণ করা হয়েছে।
চোইয়ের পদত্যাগ এমন এক সময় এলো, যখন দেশটির বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু মধ্যরাতে পদত্যাগ করছিলেন এবং চোইয়ের দায়িত্ব নেওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছিল, আগামী মাসে অনুষ্ঠেয় আগাম প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখেই হান এ সিদ্ধান্ত নিচ্ছেন।
তবে চোই বলেন, দেশি-বিদেশি গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে দায়িত্ব পালন তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, “এই পরিস্থিতিতে আমাকে সরে দাঁড়াতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”
এদিকে চোইয়ের বিরুদ্ধে বিরোধীদলীয় এমপিরা অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছিলেন। যদিও সুপ্রিম কোর্ট বিরোধীদলের প্রেসিডেন্ট প্রার্থী লি জে-মিয়ংয়ের বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ খারিজ করে দেন।
চোই পদত্যাগ করায় সংসদে অভিশংসন প্রস্তাবের ওপর নির্ধারিত ভোট স্থগিত করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার উ উন-শিক জানিয়েছেন, “পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ায় ভোট স্থগিত করা হয়েছে।”
চোইয়ের এই সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার চলমান রাজনৈতিক অস্থিরতাকে আরও জটিল করে তুলল। গত ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টা করেছিলেন।
চোইয়ের জায়গায় এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন শিক্ষামন্ত্রী লি জু-হো। তিনিই আগামী ৩ জুন অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন তদারকি করবেন।

