কাশ্মিরের পেহেলগাঁওয়ে প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ফের চরম উত্তেজনার মুখে পড়েছে। এমন প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় বড় ধরনের সামরিক সংঘাত এড়াতে ভারতকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২ মে) টিআরটি গ্লোবালের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আশা করে, ভারত এমন কোনো প্রতিক্রিয়া জানাবে না, যা পুরো অঞ্চলজুড়ে নতুন করে সংঘাত ছড়িয়ে দিতে পারে।
ফক্স নিউজে সম্প্রচারিত ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমরা চাই না কাশ্মিরের এই হামলার জবাবে ভারত-পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়ুক। শান্তিপূর্ণ সমাধানের পথেই আগাতে হবে।”
তিনি আরো জানান, পাকিস্তান যেন সন্ত্রাসবিরোধী পদক্ষেপে ভারতের সঙ্গে সহযোগিতা করে- এমনটাই প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। “যদি পাকিস্তানের মাটিতে হামলাকারীদের অবস্থান থাকে, তাহলে তাদের গ্রেপ্তারে এবং বিচারে ভারতকে সহায়তা করা উচিত,” বলেন ভ্যান্স।
এর আগেই পাকিস্তান পূর্ণমাত্রার সামরিক মহড়া শুরু করেছে, যাতে আধুনিক অস্ত্রের ব্যবহার ও যুদ্ধ প্রস্তুতির বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সেনাবাহিনীর এই মহড়ায় সৈন্যরা সক্রিয়ভাবে পেশাগত সক্ষমতা দেখিয়েছে।
উল্লেখ্য পেহেলগাঁও হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এ ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে বলেছে, সন্ত্রাসীদের মদদ দিচ্ছে ইসলামাবাদ। যদিও পাকিস্তান এই অভিযোগ ‘অমূলক’ দাবি করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে- ভারতের যে কোনো সামরিক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।
এ পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় সংঘাত এড়াতে জাতিসংঘও দুই দেশকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর অনুরোধ জানিয়েছে। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, “সব সমস্যার শান্তিপূর্ণ ও অর্থবহ পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হোক- এটাই আমাদের কাম্য।”
এই উত্তেজনা এমন সময় বাড়ছে, যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কও ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে।

