মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের মালিকানাধীন ক্রিপ্টো কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল সংযুক্ত আরব আমিরাতের শাসক পরিবারের নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠানের সঙ্গে ২ বিলিয়ন ডলারের লেনদেন চুক্তিতে পৌঁছেছে।
বুধবার (৩০ এপ্রিল) দুবাইয়ে এক ক্রিপ্টো সম্মেলনে এই চুক্তির ঘোষণা দেন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা জ্যাক উইটকফ। তিনি জানান, বিনান্সে এমজিএক্স প্রকল্পে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ কার্যকর করতে ‘ইউএসডি১’ স্টেবলকয়েনকে সরকারি স্টেবলকয়েন হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জ্যাক উইটকফ হচ্ছেন ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য-বিষয়ক সাবেক দূত স্টিভ উইটকফের ছেলে। আর ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল মূলত ট্রাম্প পরিবারেরই একটি কর্পোরেট সত্তা।
মিডল ইস্ট আই জানায়, ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প এবং জ্যাক উইটকফ উপসাগরীয় অঞ্চলে একাধিক ক্রিপ্টো সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং বর্তমানে কোম্পানিটির প্রধান মুখ হয়ে উঠেছেন।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি ট্রাম্প পরিবারের ক্রিপ্টো উদ্যোগে বড় ধরনের অগ্রগতি এনে দিল এবং উপসাগরীয় অঞ্চলের ক্ষমতাধর শাসকদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিতও দেয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরিবারের এমন আর্থিক ও প্রযুক্তি খাতে সরাসরি অংশগ্রহণ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

