শুক্রবার (৩ মে) ভোরে ভারী বৃষ্টিপাতে দিল্লিতে একটি বাড়ি ধসে তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে প্রবল ঝড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে দিল্লি বিমানবন্দরে ১০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত বা অন্যত্র সরিয়ে নিতে হয়। উপড়ে পড়া গাছপালা ও জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এমন পরিস্থিতিতে আবহাওয়া বিভাগ দিল্লিতে লাল সতর্কতা জারি করেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার ভিঝিনজামে দেশের প্রথম নিবেদিত ট্রান্সশিপমেন্ট হাব উদ্বোধন করতে যাচ্ছেন। অত্যাধুনিক অবকাঠামো ও কৌশলগত অবস্থান দিয়ে নির্মিত এই সমুদ্রবন্দর ভারতের সামুদ্রিক বাণিজ্যে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে। আদানি গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত প্রকল্পটির ব্যয় প্রায় ৮,৮৬৭ কোটি টাকা।
এছাড়া ভুবনেশ্বরের কেআইআইটি (KIIT) বিশ্ববিদ্যালয়ে ফের এক নেপালি ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মাত্র তিন মাস আগেও একই ধরনের ঘটনায় আরেক নেপালি শিক্ষার্থী প্রাণ হারান। মৃত ছাত্রী কম্পিউটার সায়েন্সে প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। পুলিশ আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে সন্দেহ করলেও তদন্ত অব্যাহত রয়েছে।
সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্কও আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে। জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানের লাগাতার গুলিবর্ষণের পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পহেলগাঁও হামলার পর দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।

