যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে মাইক ওয়াল্টজকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১ মে) এক ঘোষণায় জানানো হয়, ওয়াল্টজের স্থলে আপাতত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অস্থায়ীভাবে ওই দায়িত্বে রাখা হয়েছে। সূত্র: রয়টার্স
ওয়াল্টজকে সরিয়ে দেওয়ার বিষয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় ওয়াল্টজ কঠোর পরিশ্রম করেছেন। তাকে জাতিসংঘে মার্কিন প্রতিনিধি হিসেবে মনোনীত করার পরিকল্পনা রয়েছে।”
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পরিবর্তন এনে নিজের ঘনিষ্ঠ সারিতে বড় ধরনের রদবদল করলেন ট্রাম্প, যা তার দ্বিতীয় মেয়াদে প্রথম উল্লেখযোগ্য রদবদল হিসেবে বিবেচিত হচ্ছে।
সাবেক কংগ্রেসম্যান এবং গ্রিন বেরেট বাহিনীর সদস্য ওয়াল্টজ সম্প্রতি হোয়াইট হাউজে বিতর্কের মুখে পড়েন। মার্চ মাসে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের ‘সিগন্যাল চ্যাট’ কেলেঙ্কারির জেরে তিনি সমালোচনার শিকার হন।
ট্রাম্প এক অনুষ্ঠানে বলেন, “আমার যদি কোনও সমস্যা হয়, আমি রুবিওকে ডাকি। সে এসে সব ঠিকঠাক করে দেয়।”
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে হেনরি কিসিঞ্জার একসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এখন পর্যন্ত পরবর্তী স্থায়ী উপদেষ্টার নাম ঘোষণা হয়নি।
এছাড়া ওয়াল্টজের সহকারী ও এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অ্যালেক্স ওয়াংকেও পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
গত এক মাসে জাতীয় নিরাপত্তা বিভাগে একের পর এক পরিবর্তন এসেছে। ১ এপ্রিলের পর থেকে অন্তত ২০ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে, পদ হারিয়েছেন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন শীর্ষ কর্মকর্তা।
এই রদবদলের ফলে জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মীদের মধ্যে হতাশা এবং মনোবলের চরম অবনতি ঘটেছে বলে অভ্যন্তরীণ সূত্র জানায়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ হলো প্রেসিডেন্টের নীতিনির্ধারণী প্রধান প্ল্যাটফর্ম, যা বৈশ্বিক কৌশল ও নিরাপত্তা সিদ্ধান্ত নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

