মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রজুড়ে ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। দেশের প্রধান শহরসহ ছোট শহরগুলোতেও অনুষ্ঠিত এসব বিক্ষোভে অংশগ্রহণকারীরা ট্রাম্প প্রশাসনের নীতিমালা এবং প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার প্রতিবাদ জানান। সূত্র: রয়টার্স
এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ‘৫০৫০১’ নামের একটি বামঘেঁষা সংগঠন, যার নামের ব্যাখ্যা- ৫০টি অঙ্গরাজ্যে ৫০টি বিক্ষোভ এবং একটি ঐক্যবদ্ধ প্রতিবাদ আন্দোলন। সংগঠনটি জানিয়েছে, এক হাজারের বেশি স্থানে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটনের মতো শহরগুলোতে বিক্ষোভের বড় পরিসর দেখা গেছে। লস অ্যাঞ্জেলেসে কয়েক হাজার মানুষ সড়কে নেমে আসেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। হোয়াইট হাউসের সামনে আয়োজিত এক বিক্ষোভে অংশ নেওয়া ভার্জিনিয়ার শিক্ষক ইউনিয়নের সদস্য শেন রিডল বলেন, “অতি ধনীরা এখন রাষ্ট্রক্ষমতা দখল করে নিচ্ছে, এতে শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণি দমনের শিকার হচ্ছে।” তাঁর মতে, ট্রাম্পের মতো নেতৃত্বের বিরুদ্ধে না দাঁড়ালে যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হতে পারে।

টেক্সাসের হিউস্টনের বিক্ষোভে অংশ নেওয়া বার্নার্ড স্যাম্পসন ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করে বলেন, “যেসব অভিবাসীদের প্রতি বৈরিতা দেখানো হচ্ছে, তারাই কিন্তু রেস্তোরাঁয় কাজ করে, ঘরবাড়ি তৈরি করে।”
শুধু যুক্তরাষ্ট্র নয়, ফ্রান্স, ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশে মে দিবসের র্যালিতেও ট্রাম্পবিরোধী বার্তা প্রতিধ্বনিত হয়েছে।
বিশ্লেষকদের মতে, এসব বিক্ষোভ শ্রমজীবী ও সাধারণ নাগরিকদের ক্রমবর্ধমান ক্ষোভের বহিঃপ্রকাশ- যা ২০২৪ সালের নির্বাচনের প্রেক্ষাপটেও বড় প্রভাব ফেলতে পারে।

