কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা আট রাত ধরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে নতুন করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। যদিও হতাহতের কোনো নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি, তবে সীমান্ত অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন বিভিন্ন পোস্ট লক্ষ্য করে পাকিস্তানের সেনাবাহিনী ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দেয় বলে দাবি করা হয় প্রতিবেদনে।
ভারতের দাবি, এই গোলাগুলি ছিল সম্পূর্ণ বিনা উসকানিতে সংঘটিত। তবে পাকিস্তান সরকার কিংবা দেশটির কোনো সংবাদমাধ্যম থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন করে টানাপোড়েনে পড়েছে। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ হ্রাস করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দেয় এবং ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈসরণ তৃণভূমিতে একটি পর্যটকদলের ওপর চালানো বন্দুক হামলায় অন্তত ২৬ জন নিহত হন। হামলার দায় স্বীকার করে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সংগঠন, যাকে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যেবার ঘনিষ্ঠ বলে মনে করা হয়। ওই হামলাকে ২০১৯ সালের পুলোয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। সীমান্তে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সে বিষয়ে নজর রাখছে নিরাপত্তা বিশ্লেষকরাও।

