ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার জন্য ত্রাণবাহী একটি জাহাজে ইসরায়েলের সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ইউরোপের দেশ মাল্টার আন্তর্জাতিক জলসীমায় এ হামলার ঘটনা ঘটে। মানবিক সহায়তা প্রদানকারী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন (ট্রিপল এফ) কর্তৃক সংগৃহীত খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ছিল জাহাজটিতে। সূত্র: এএফপি
সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত ১২টার দিকে সশস্ত্র দুটি ড্রোন জাহাজটির সামনের দিকে আঘাত হানে, ফলে সেখানে আগুন ধরে যায় এবং বড় আকারের গর্তের সৃষ্টি হয়। তবে হামলায় কেউ হতাহত হয়নি।
বিবৃতিতে বলা হয়, “জাহাজটি সম্পূর্ণ বেসামরিক ও নিরস্ত্র ছিল। এতে ছিল শুধু মানবিক ত্রাণ ও আমাদের সদস্যদেশগুলোর প্রতিনিধিরা। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।” ফ্লোটিলা ফাউন্ডেশন মাল্টা সরকারকে আহ্বান জানিয়েছে, ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা চাওয়া হোক।

মাল্টা সরকারের পক্ষ থেকেও ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, হামলার ফলে জাহাজটির মূল ইঞ্জিন ও জেনারেটর ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। রাত ১টা ২৮ মিনিটে মাল্টার নৌবাহিনী ও কোস্টগার্ড বাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ২টা ১৩ মিনিটে ১২ জন ক্রু ও ৪ জন যাত্রীকে নিরাপদে মাল্টার বন্দরে আনা হয়। জাহাজটি এখনও আন্তর্জাতিক জলসীমায় রয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবার গাজায় হামলা শুরু করে ইসরায়েল। তার আগেই ২ মার্চ থেকে সব ধরনের ত্রাণবাহী ট্রাকের গাজায় প্রবেশ নিষিদ্ধ করে দেশটি। ফলে অঞ্চলটিতে মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে।

