মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের প্রস্তুতি নিচ্ছেন। তার এই সফরের আগে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বড় একটি অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছে। এই চুক্তির অধীনে সৌদি আরব পাচ্ছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, এই চুক্তির বিষয়টি কংগ্রেসকে জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী সৌদি আরব পাবে এক হাজারটি ‘এআইএম–১২০’ ধরনের ক্ষেপণাস্ত্র। এগুলো মাঝারি পাল্লার। আকাশে থাকা লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে পারে।
ডোনাল্ড ট্রাম্প ১৩ থেকে ১৬ মে পর্যন্ত মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সফর করবেন। দেশগুলো হলো সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। প্রেসিডেন্ট হিসেবে এটি তার দ্বিতীয় মেয়াদের প্রথম মধ্যপ্রাচ্য সফর। এর আগে তিনি ইতালির রোমে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন।
ট্রাম্প প্রশাসন চায় সৌদি আরবের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে। যুক্তরাষ্ট্র চায় রিয়াদকে আরও ঘনিষ্ঠ মিত্র হিসেবে পাশে রাখতে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদির ভূমিকাকেও গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে কূটনৈতিক প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে রিয়াদের উদ্যোগকে প্রশংসা করা হয়েছে।
সূত্র: এএফপি

