সিন্ধু পানিবণ্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদের ওপর কোনো বাঁধ বা জলাধার নির্মাণ করে- তাহলে পাকিস্তান তা ধ্বংস করবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
শুক্রবার (২ মে) জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ নামের এক টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খাজা আসিফ বলেন, “শুধু অস্ত্র দিয়েই আগ্রাসন হয় না, পানি থামিয়ে দেওয়া বা ভিন্নপথে প্রবাহিত করাও এক ধরনের আগ্রাসন, যার পরিণতিতে লাখ লাখ মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় মারা যেতে পারে।”
ভারতের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “সিন্ধু নদে কোনো বাঁধ নির্মিত হলে পাকিস্তান সেই অবকাঠামো গুঁড়িয়ে দেবে।”
তবে প্রতিরক্ষামন্ত্রী জানান, বিষয়টি এখনো আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে আলোচনায় রয়েছে এবং ইসলামাবাদ নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিতের ঘটনায় ইসলামাবাদ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
আসন্ন ভারতের নির্বাচন সামনে রেখে প্রতিপক্ষের প্রতি অবস্থান কঠোর করার চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, “নরেন্দ্র মোদি নাটক করছে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য। ভারত এখন আন্তর্জাতিক মহলের প্রত্যাশিত সমর্থনও পাচ্ছে না।”
কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন, “ভারতের একতরফা অভিযোগ ও উসকানিমূলক বক্তব্য চললেও পাকিস্তান প্রতিশোধমূলক পদক্ষেপ ছাড়া কিছুই করবে না।”
উল্লেখ্য সম্প্রতি পহেলগাঁওয়ে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। ঘটনার পর পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার এবং সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ একাধিক পদক্ষেপ নেয় ভারত।

