ভারতের গোয়া রাজ্যের শিরগাঁও মন্দিরে লায়রাই দেবীর বার্ষিক ধর্মীয় উৎসব চলাকালে ভয়াবহ হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ মে) সকালের এ ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত ও অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছেন। সূত্র: এনডি টিভি
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের মাঝে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে উপস্থিত মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করে। একে অপরকে ধাক্কা দিতে দিতে তারা পালাতে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা দ্রুতই প্রাণঘাতী হুড়োহুড়িতে রূপ নেয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত নিজে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। এখনো পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও প্রশাসনের প্রাথমিক ধারণা, অতিরিক্ত জনসমাগম ও ভিড় নিয়ন্ত্রণে ঘাটতির কারণেই এই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য শিরগাঁওয়ের এই লায়রাই যাত্রা উৎসব গোয়ার অন্যতম ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় আচার, যেখানে হাজার হাজার ভক্ত অংশ নেন। উৎসবের মূল আকর্ষণ ‘অগ্নিদিভ্য’ নামের একটি আনুষ্ঠানিকতা, যেখানে ‘ধোন্ড’ নামে পরিচিত ভক্তরা খালি পায়ে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটেন আশীর্বাদ পাওয়ার আশায়।
প্রশাসন জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে উৎসব ব্যবস্থাপনায় আরো কড়াকড়ি আরোপ করা হবে।

