লেবাননের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যেকোনো তৎপরতার বিষয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে সরাসরি সতর্ক করে দিয়েছে দেশটির শীর্ষ সামরিক সংস্থা ‘সুপ্রিম ডিফেন্স কাউন্সিল’। শুক্রবার (৩ মে) অনুষ্ঠিত কাউন্সিল বৈঠকে হামাসকে এই কড়া বার্তা দেওয়া হয় বলে জানিয়েছে ‘আরব নিউজ’।
সাম্প্রতিক সময়ে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত আসে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে কয়েকজন লেবানিজ ও ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।
সুপ্রিম ডিফেন্স কাউন্সিল মন্ত্রিসভায় একাধিক সুপারিশ পাঠিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো- হামাস যেন লেবাননের ভূখণ্ড ব্যবহার করে এমন কোনো কর্মকাণ্ড না চালায়- যা দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বভৌমত্ব লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কাউন্সিলের এ বৈঠকে প্রথমবারের মতো newly elected প্রেসিডেন্ট জোসেফ আউন সভাপতিত্ব করেন। তিনি বৈঠকে বলেন, “লেবাননকে কোনো সংঘাতে জড়ানো যাবে না। যারা দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধানমন্ত্রী নওয়াফ সালামও বৈঠকে বলেন, “জাতীয় চুক্তি ও মন্ত্রিসভার নির্দেশনার আলোকে অবৈধ অস্ত্র গচ্ছিত রাখা যাবে না। হামাসসহ কোনো গোষ্ঠী যেন লেবাননের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”
এদিকে সেনাবাহিনীর এক সূত্র জানায়, ইসরায়েলে রকেট হামলার পরিকল্পনায় সংশ্লিষ্ট চার হামাস সদস্য এখন আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে লুকিয়ে আছে। সেনাবাহিনী হামাসকে তাদের হস্তান্তরের আহ্বান জানিয়েছে।
সূত্র মতে, হামাসের শীর্ষ নেতৃত্ব শিবিরে থাকা ওই চারজনকে রক্ষায় হিজবুল্লাহঘনিষ্ঠ স্পিকার নাবিহ বেরির ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল, তবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে, বিষয়টি সেনাবাহিনীর এখতিয়ারভুক্ত এবং কেউ এতে হস্তক্ষেপ করবে না।
ফিলিস্তিনি বিশ্লেষক হিশাম দেবসি বলেন, “হামাসের কর্মকাণ্ড লেবাননের জন্য দৃষ্টতাপূর্ণ ও অগ্রহণযোগ্য। তারা নিজেদের অস্ত্র গচ্ছিত রাখার বিষয়টি হিজবুল্লাহর অস্ত্রের সঙ্গে তুলনা করছে, যা ভুল বার্তা দিচ্ছে।”
এই প্রেক্ষাপটে ২১ মে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের লেবানন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সফরকালে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে অস্ত্র নিয়ন্ত্রণ ও হামাসের ভবিষ্যৎ অবস্থান নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

