কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাকিস্তান দাবি করেছে, তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী ভারত যে কোনো সময় সামরিক অভিযানে যেতে পারে। এমন প্রেক্ষাপটে দুই দেশের প্রতিরক্ষা শক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী রাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে এক তুলনামূলক চিত্র প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, যা লন্ডনভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।
বাহিনীতে জনবল-
ভারতের তিন বাহিনীতে মোট ১৪ লাখ সক্রিয় সদস্য রয়েছে। এর মধ্যে সেনাবাহিনীতে ১২ লাখ ৩৭ হাজার, বিমান বাহিনীতে ১ লাখ ৪৯ হাজার, নৌ বাহিনীতে ৭৫ হাজার ৫০০ এবং কোস্ট গার্ডে রয়েছে ১৩ হাজার ৩৫০ সদস্য।
অন্যদিকে, পাকিস্তানের তিন বাহিনীতে সক্রিয় সদস্য সংখ্যা প্রায় ৭ লাখ। এর মধ্যে সেনাবাহিনীতে ৫ লাখ ৬০ হাজার, বিমান বাহিনীতে ৭০ হাজার এবং নৌ বাহিনীতে কর্মরত ৩০ হাজার জন।
স্থল শক্তি-
ভারতের কাছে রয়েছে প্রায় ৯ হাজার ৭৪৩টি কামান ও ৩ হাজার ৭৪০টি ট্যাংক। পাকিস্তানের কামান রয়েছে ৪ হাজার ৬১৯টি এবং ট্যাংকের সংখ্যা ২ হাজার ৫৩৭।
আকাশ শক্তি-
ভারতের আকাশ প্রতিরক্ষা বাহিনীতে রয়েছে ৭৩০টি যুদ্ধবিমান, যেখানে পাকিস্তানের রয়েছে ৪৫২টি।
নৌ শক্তি-
ভারতের হাতে রয়েছে ১৬টি সাবমেরিন, ১১টি ডেস্ট্রয়ার, ১৬টি যুদ্ধজাহাজ এবং দুটি বিমানবাহী রণতরী। পাকিস্তান নৌবাহিনী পরিচালনা করছে ৮টি সাবমেরিন ও ১০টি যুদ্ধজাহাজ নিয়ে।
পারমাণবিক শক্তি-
এই দুই দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার প্রায় সমান। ভারতের হাতে রয়েছে আনুমানিক ১৭২টি এবং পাকিস্তানের কাছে রয়েছে ১৭০টি পারমাণবিক অস্ত্র।
পটভূমি ও উত্তেজনার সূত্রপাত-
গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় অন্তত ২৬ জন পর্যটক। এই ঘটনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়ে। একে অপরের নাগরিকদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্থগিতের মতো সিদ্ধান্ত নেয়া হয়। এতে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারত ও পাকিস্তান এর আগে স্বাধীনতার পর ৭৮ বছরে চারবার যুদ্ধে জড়িয়েছে, যার মধ্যে তিনটি সংঘাতই ছিল কাশ্মীর ইস্যু কেন্দ্রিক। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সামরিক শক্তি প্রদর্শনের চেয়ে কূটনৈতিক উত্তরণই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ হবে।

