অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে ভোট দিচ্ছেন প্রায় ১ কোটি ৮০ লাখ নাগরিক। নির্বাচনে ক্ষমতাসীন অস্ট্রেলিয়ান লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী পিটার ডাটনের নেতৃত্বাধীন রক্ষণশীল লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন।
এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত ইস্যু জীবনযাত্রার ব্যয়। এর পাশাপাশি স্বাস্থ্যসেবা, আবাসন সংকট ও অভিবাসন নীতিও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে।
ভোটগ্রহণ শুধুমাত্র অস্ট্রেলিয়ার অভ্যন্তরে নয়- বিশ্বজুড়ে ৮৩টি দেশে ১১১টি কেন্দ্রে ভোটের ব্যবস্থা করা হয়েছে, যাতে প্রবাসী অস্ট্রেলিয়ানরা অংশ নিতে পারেন। ভোট প্রদান ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিকের জন্য বাধ্যতামূলক এবং ভোট না দিলে জরিমানার বিধান রয়েছে।
এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ১৫০টি এবং সিনেটের ৪০টি আসনে ভোট হচ্ছে। সরকার গঠনের জন্য প্রতিনিধি পরিষদে কমপক্ষে ৭৬টি আসন প্রয়োজন।
অস্ট্রেলিয়ার রাজনীতিতে বড় দুই দলের বাইরে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রভাব বাড়ছে। ২০২২ সালের নির্বাচনে প্রতি তিনজনের একজন বড় দুই দল ছাড়া অন্যদের ভোট দিয়েছিলেন।
স্বাস্থ্যসেবা খাতে অর্থ সংকট, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি এবং বাড়তি ব্যয় নাগরিকদের ভোগান্তি বাড়িয়েছে। অভিবাসন নীতির ক্ষেত্রেও পরিবর্তনের আভাস দিয়েছেন বিরোধী নেতা ডাটন।
চূড়ান্ত ফল পেতে সময় লাগতে পারে কয়েক দিন বা সপ্তাহ। তবে ভোট শেষের পরপরই ইলেকটোরাল কমিশন অনানুষ্ঠানিক প্রাথমিক ফল ঘোষণা শুরু করবে।

