গাজায় চলমান সামরিক অভিযান আরও তীব্র করতে রিজার্ভ সেনাদের বৃহৎ পরিসরে প্রস্তুত করছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার (২মে) ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার রাফায় ৩৬তম ডিভিশনের অভিযান চলমান থাকলেও হামাসের সঙ্গে যুদ্ধবিরতি বা বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় কোনো অগ্রগতি নেই। তাই আগামী সপ্তাহে গাজায় সামরিক অভিযান আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে ইসরাইল। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রোববার সন্ধ্যায় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক বসার কথা রয়েছে।
সম্প্রতি রিজার্ভ ইউনিটগুলোর একাধিক অফিসার সদস্যদের যে কোনও সময় ডাকা হতে পারে বলে সতর্ক করেছেন। ইসরাইলি সেনাবাহিনীও এক বিবৃতিতে জানায়, রিজার্ভ বাহিনী মোতায়েন করা হবে “সতর্কতা, দায়িত্ব এবং পেশাদার বিবেচনায়।”
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে হামাস নির্মূলকে বন্দিমুক্তির চেয়েও অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন। তার এ বক্তব্য জিম্মিদের পরিবারে ক্ষোভ সৃষ্টি করেছে। একইসঙ্গে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও বন্দিদের উদ্ধারে গুরুত্ব কম দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
উল্লেখ্য ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১২০০ ইসরাইলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর পরদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইল। দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে গাজায় ৫২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ১৮ হাজারের বেশি আহত হয়েছেন- যাদের অধিকাংশই নারী ও শিশু।

