“আমরা পণ্য নই”—উচ্চকণ্ঠে ক্ষুব্ধ কর্মীরা
দাতাদের অর্থ সহায়তা কমে যাওয়ায় বিশ্বব্যাপী কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন সংস্থাটির শত শত কর্মী। বৃহস্পতিবার (১ মে) আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘এখনই জাতিসংঘের কর্মীদের ছাঁটাই বন্ধ করুন’ এবং ‘জাতিসংঘের কর্মীরা পণ্য নয়’ লেখা ব্যানার ও পোস্টার হাতে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা জানান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন প্রধান দাতা দেশের অনুদান হ্রাসের ফলে জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলোতে বড় পরিসরে ছাঁটাই শুরু হয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অস্থায়ী চুক্তিভিত্তিক বহু কর্মী চাকরি হারিয়েছেন। ছাঁটাইয়ের আশঙ্কায় আরও কয়েক হাজার কর্মী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাবেক কর্মী, মানবাধিকার আইনজীবী অ্যান কুইপার্স বলেন, “তারা আমাকে রাখার চেষ্টা করেছিল, কিন্তু বাজেট সংকটে সেটা সম্ভব হয়নি। এখন নিয়োগ বন্ধ, বাজেট নেই- আমরা চরম অনিশ্চয়তায় ভুগছি।”
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র স্টাফ ইউনিয়নের চেয়ারপার্সন সেভেরিন ডেবুস জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত শুধু আইএলও থেকেই ছাঁটাই করা হয়েছে অন্তত ২৫০ জন কর্মী। অনেকেই সুইজারল্যান্ডে বেকার ভাতার আওতায় পড়ছেন না এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশ ছাড়ার পরিস্থিতিতেও পড়েছেন।
এছাড়া থাইল্যান্ড ও মিয়ানমারেও একই দাবিতে কর্মীদের মধ্যে ছোট পরিসরে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
একজন বিক্ষোভকারী, যিনি নিজের নাম গোপন রাখতে চেয়ে বলেন, “সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে আমরা বহুবার জীবনের ঝুঁকি নিয়েছি। অথচ আজ যখন আমাদের চাকরি হারানোর ভয়, তখন আমাদের হয়ে কেউ কথা বলছে না। জাতিসংঘ সবাইকে রক্ষা করে, কিন্তু তার কর্মীদের রক্ষায় নীরব।” সূত্র: রয়টার্স
জাতিসংঘ বা সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে এ প্রতিবাদ বা ছাঁটাই প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

