‘সি-ভিশন’ প্রযুক্তি বাড়াবে সমুদ্রসীমায় নজরদারি ও নিরাপত্তা
দক্ষিণ এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩ কোটি ১০ লাখ ডলারের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের জন্য ‘সি-ভিশন’ নামের একটি আধুনিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস সফটওয়্যার ও সংশ্লিষ্ট সামগ্রী বিক্রির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে ভারতের কাছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমুদ্রসীমা নিরাপত্তা জোরদারে সহায়ক সি-ভিশন সফটওয়্যার ও আনুষঙ্গিক সামগ্রী সরবরাহ করা হবে। এই প্যাকেজের মূল্য ১৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার।”
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই সফটওয়্যার ভারতীয় নৌবাহিনীর সচেতনতা বৃদ্ধি, হুমকি শনাক্তকরণ, বিশ্লেষণ ও কৌশলগত অবস্থানকে উন্নত করতে সহায়ক হবে। এতে ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য সক্ষমতা যোগ হবে বলেও উল্লেখ করা হয়।

তবে যুক্তরাষ্ট্র আশ্বস্ত করেছে, এই সরঞ্জাম বিক্রি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনবে না। ভারতও সহজেই এই প্রযুক্তি তার সামরিক ব্যবস্থায় সংযুক্ত করতে পারবে।
এদিকে জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই চুক্তিকে তাৎপর্যপূর্ণ মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। পরমাণু অস্ত্রে সজ্জিত এই দুই দেশের মধ্যে যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন তাঁরা।
বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি কেবল একটি প্রযুক্তিগত আপগ্রেড নয় বরং দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে- এটি তারও ইঙ্গিত বহন করে।

