যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-তে (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) এক হাজার ২০০ পদ কমানোর পরিকল্পনা করেছে হোয়াইট হাউস। একইসঙ্গে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) সহ গোয়েন্দা সম্প্রদায়ের অন্যান্য সংস্থা থেকেও হাজার হাজার পদ ধাপে ধাপে বিলুপ্ত করা হবে বলে কংগ্রেসকে অবহিত করেছে প্রশাসন। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
বিশ্লেষকরা বলছেন, এটি হতে যাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিসরের কাঠামোগত রদবদল। ছাঁটাই কার্যক্রম বাস্তবায়ন করা হবে মূলত নতুন নিয়োগ বন্ধ রাখা, স্বেচ্ছা অবসর গ্রহণ এবং কিছু ক্ষেত্রে সদ্য নিয়োগপ্রাপ্তদের বাদ দিয়ে।
সিআইএ এক বিবৃতিতে জানিয়েছে, “সংস্থায় নতুন কর্মক্ষমতা ও নেতৃত্বের সুযোগ তৈরি করতেই এই সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।” সংস্থার পরিচালক জন র্যাটক্লিফ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার বাস্তবায়নের অংশ হিসেবে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এনএসএ ইতোমধ্যেই স্বেচ্ছা পদত্যাগের প্রস্তাব পাঠিয়েছে এবং কিছু কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে বহুমাত্রিকতা, সমতা ও অন্তর্ভুক্তির (ডিইআই) মতো প্রকল্প বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। যদিও আদালতের একটি অন্তর্বর্তী আদেশের ফলে এই প্রকল্পে যুক্ত ১৯ কর্মী আপাতত চাকরিতে বহাল রয়েছেন।
এদিকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গাবার্ডের দপ্তর বিষয়টিতে কোনো মন্তব্য না করলেও, প্রশাসনের অভ্যন্তরে চলছে ব্যাপক পুনর্গঠনের তোড়জোড়। র্যাটক্লিফ জানিয়েছেন, ভবিষ্যতে মানব গোয়েন্দা কার্যক্রমে জোর দিয়ে বিশেষ করে চীনকে নজরদারির আওতায় আনতে চান তিনি।
এই ছাঁটাই প্রক্রিয়া কেবল জনবল হ্রাস নয় বরং গোয়েন্দা কার্যক্রমের কৌশলগত পুনর্বিন্যাসেরও ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

