কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে ভারতের সঙ্গে তীব্র কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শনিবার দেশটির সামরিক বাহিনী ‘আবদালি অস্ত্র ব্যবস্থা (এডব্লিউএস)’ নামের ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও ভারতীয় এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী দেখা যায়, ইসলামাবাদের দাবি- এই পরীক্ষা ছিল ‘ইন্দুস’ সামরিক মহড়ার অংশ। সামরিক বাহিনীর অপারেশনাল সক্ষমতা যাচাই ও ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম পরীক্ষা করতেই এ উদ্যোগ। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও শীর্ষ সামরিক কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সফল হওয়ায় জাতীয় নিরাপত্তা ও কৌশলগত প্রস্তুতির প্রতি ‘পূর্ণ আস্থা’ প্রকাশ করেছেন।
তবে প্রতিবেশী দেশ ভারতের দৃষ্টিতে এই উৎক্ষেপণকে দেখা হচ্ছে ‘গুরুতর উসকানি’ হিসেবে। কারণ এর আগেই কাশ্মিরে ২২ এপ্রিলের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিক নিহত হওয়ায় ভারতের অভ্যন্তরে ক্ষোভ তুঙ্গে পৌঁছেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের দাবিও জোরালো হয়েছে।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ভারত ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে। যদিও সেই সময়সীমা পেরিয়ে গেলেও কোনো সামরিক অভিযান হয়নি। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছিলেন, ভারত ২-৩ দিনের মধ্যেই হামলা চালাতে পারে।
পেহেলগামের ঘটনার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ‘সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি’ বাতিলসহ পাকিস্তানি নাগরিকদের ভিসা ও থাকার অনুমতিও বাতিল করা হয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান বাতিল করেছে ‘সিমলা চুক্তি’। একইসঙ্গে দুই দেশই একে অপরের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে এবং কূটনৈতিক সম্পর্ক কার্যত স্থগিত অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, কাশ্মির ইস্যুতে অতীতেও দুই প্রতিবেশী দেশ একাধিকবার যুদ্ধে জড়িয়েছে এবং স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তানের সহায়তার অভিযোগ দীর্ঘদিনের। বর্তমান পরিস্থিতি সেই উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

