গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে ইসরাইলের তেলআবিবে একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সেনাবাহিনী। শনিবার এ হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
সংগঠনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, তেলআবিবের দখলকৃত জাফা এলাকার দক্ষিণে অবস্থিত একটি সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। এতে ‘প্যালেস্টাইন-২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইয়াহিয়া সারি বলেন, ‘এই হামলা গাজার নিপীড়িত জনগণের প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরাইলি বাহিনীর অপরাধ ও যুক্তরাষ্ট্রের সমর্থনের জবাবে চালানো হয়েছে।’ তিনি আরো জানান, যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন ও অবরোধ বন্ধ না হচ্ছে, ততদিন ইয়েমেনি বাহিনীর প্রতিরোধ হামলা চলবে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজার প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলের বিরুদ্ধে ‘আল-আকসা স্টর্ম’ নামে এক পাল্টা অভিযান শুরু করে। এর পর থেকেই গাজায় চালানো ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে প্রতিক্রিয়া জানিয়ে আসছে ইয়েমেন, বিশেষত: হুথি বাহিনী।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইয়েমেনের এই হামলাকে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতির ওপর নতুন চাপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

