দক্ষিণ সুদানের উত্তরের শহর ওল্ড ফ্যাঙ্গাকে চালানো এক বিমান হামলায় অন্তত সাতজন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হামলায় শহরের একমাত্র কার্যকর হাসপাতাল ও সংলগ্ন ফার্মেসি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
এমএসএফ একে আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যসেবা অবকাঠামোকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে।
হামলার পেছনে কে বা কারা রয়েছে, কিংবা কেন হাসপাতালটিকে লক্ষ্যবস্তু করা হলো, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। দক্ষিণ সুদানের সামরিক বাহিনীও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার কিছুক্ষণ পর কাছাকাছি একটি বাজারেও গোলাবর্ষণ হয়, যা জনমনে চরম আতঙ্ক ছড়ায়।
এ হামলা এমন সময়ে ঘটল, যখন দেশটিতে প্রেসিডেন্ট সালভা কির ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাশার-এর অনুগত বাহিনীর মধ্যে পুরনো শত্রুতা নতুন করে মাথাচাড়া দিচ্ছে। বিশেষ করে নুয়ের জাতিগোষ্ঠী অধ্যুষিত ওল্ড ফ্যাঙ্গাক অঞ্চলকে মাশারের শক্ত ঘাঁটি হিসেবে ধরা হয়, যার জেরে সংঘাত আরও জটিল হয়ে উঠছে।
জাতিসংঘ ও পশ্চিমা কূটনৈতিক মহলে আশঙ্কা বাড়ছে যে, দক্ষিণ সুদান ফের একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দূতাবাস সম্প্রতি এক যৌথ বিবৃতিতে দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা প্রেসিডেন্ট কিরকে সংলাপে ফেরার জন্য মাশারকে মুক্তি দেওয়ার আহ্বান জানায়।
উল্লেখ্য, ২০১১ সালে স্বাধীনতা অর্জনের দুই বছরের মাথায় দক্ষিণ সুদান গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ডিনকা ও নুয়ের জাতিগোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ হারান অন্তত ৪০ হাজার মানুষ। ২০১৮ সালে একটি শান্তিচুক্তির মাধ্যমে জাতীয় ঐক্য সরকার গঠিত হলেও পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে।
২০২৩ সালে নির্ধারিত সাধারণ নির্বাচন ইতোমধ্যেই দু’বার পিছিয়েছে এবং বর্তমানে ২০২৬ সালের আগে ভোট আয়োজনের সম্ভাবনা নেই।

