ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত সাইডলাইন বৈঠককে “সর্বকালের সেরা” বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, বৈঠকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের সঙ্গে আকস্মিক এই সাক্ষাতে নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল “খুব জোরালো”, যদিও এর বিস্তারিত প্রকাশ করেননি জেলেনস্কি।
জেলেনস্কি আরও জানান, তারা উভয়েই একমত হয়েছেন যে কিয়েভ ও মস্কোর মধ্যে সম্ভাব্য ৩০ দিনের যুদ্ধবিরতি ইউক্রেন সংকট নিরসনের পথে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হতে পারে।
এছাড়া দুদেশের মধ্যে স্বাক্ষরিত একটি নতুন খনিজ চুক্তিকে “পারস্পরিকভাবে লাভজনক” আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, এটি ইউক্রেনকে ভবিষ্যতের মার্কিন বিনিয়োগের সুযোগ দেবে এবং দেশের ভূখণ্ড ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র পাবে ইউক্রেনীয় খনিজ খাতে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং ইউক্রেনের পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের বিনিয়োগে পথ খুলবে। জেলেনস্কির মতে, এই বিনিয়োগ থেকে আয় পুনঃবিনিয়োগ হবে ইউক্রেনেই এবং এর তত্ত্বাবধানে গঠিত বোর্ডে থাকবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সমান সংখ্যক প্রতিনিধি।

