কাশ্মীর ইস্যু ও সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের প্রতি কঠোর বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। সামরিক পোশাকে ট্যাংকের উপর দাঁড়িয়ে সরাসরি সেনাদের উদ্দেশে ভাষণ দেন তিনি। বক্তব্যে উঠে আসে যুদ্ধ-প্রস্তুতির দৃঢ় সংকেত।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকেও আকাশপথে প্রস্তুতির বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। দুই বাহিনীর এসব কর্মকাণ্ডকে দেখা হচ্ছে ভারতের বিরুদ্ধে সক্রিয় সামরিক ‘মেসেজ’ হিসেবে।
সেনাপ্রধান মুনির তার বক্তব্যে বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সম্মান রক্ষায় আমরা কোনো আপস করব না।” তার প্রেরণাদায়ক বক্তব্যে অনুপ্রাণিত হয়ে উপস্থিত সৈনিকরা ‘জিন্দাবাদ’ ধ্বনিতে মুখর করে তোলে চারপাশ।
তিনি আরো বলেন, “আমরা প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। আমাদের আত্মবিশ্বাস ও মনোবলই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
বিশ্লেষকদের মতে, এই ধরনের প্রকাশ্য শক্তি প্রদর্শন এবং যুদ্ধভাষণ মূলত ভীতির পরিবেশ তৈরি করে উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে। সীমান্তে ক্রমবর্ধমান সামরিক তৎপরতা দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাতের ঝুঁকিকেই উসকে দিচ্ছে।

