কাশ্মীরে রক্তক্ষয়ী হামলার পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। পাল্টাপাল্টি কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের মধ্যেই পাকিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুঈদ ইউসুফ জানিয়েছেন, তিনি সরাসরি বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা দেখছেন না- তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বিপক্ষীয় সংকট ব্যবস্থাপনার কোনো কাঠামো নেই। উভয় দেশের নীতিই তৃতীয় পক্ষের হস্তক্ষেপে নির্ভরশীল, যা টেকসই সমাধানে প্রতিবন্ধক। সূত্র: আল-জাজিরা
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের পর থেকে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। ভারত হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ দায় অস্বীকার করেছে। এরপর ভারত সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়, যার প্রতিক্রিয়ায় পাকিস্তান হুমকি দেয় ১৯৭২ সালের সিমলা চুক্তি বাতিলের। পাশাপাশি উভয় দেশই কূটনীতিক বহিষ্কারসহ বিভিন্ন দমনমূলক পদক্ষেপ নিয়েছে।
মুঈদ ইউসুফ মনে করেন, উভয় দেশের প্রতিক্রিয়াগুলো অনেকটাই প্রতিসাম্যিক। ইতিহাসে আমরা দেখেছি- এক পক্ষের শাস্তিমূলক সিদ্ধান্তের জবাবে অপর পক্ষও একইভাবে কঠোর পদক্ষেপ নেয়। সমস্যাটা হলো, এসব সিদ্ধান্ত নেওয়া সহজ হলেও পরে তা বাতিল করা অত্যন্ত জটিল।
তিনি আরো বলেন, ভারতের একটি পুরোনো কৌশল হলো আঞ্চলিক উত্তেজনা তৈরি করে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করা। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের মতো প্রধান তৃতীয় পক্ষ সরাসরি জড়াতে আগ্রহ দেখায়নি। বরং তারা নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে।
উল্লেখযোগ্যভাবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী দুই দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। তবে ভারতকে ‘দৃঢ় সমর্থনের’ বার্তাও দিয়েছে ওয়াশিংটন।
এদিকে পাকিস্তানও সমর্থন পেতে চীন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এসব দেশকে ভারতকে শান্ত থাকার অনুরোধ জানাতে বলেছেন।
সামরিক সংঘাতের আশঙ্কা প্রসঙ্গে ইউসুফ বলেন, এ মুহূর্তে কোনো নিশ্চয়তা দিয়ে কিছু বলা সম্ভব নয়। ভারতীয় পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা এখনো আছে। তবে যেটি সবচেয়ে আশঙ্কাজনক বলে মনে হচ্ছিল, সেই সংকটপূর্ণ সময়টা হয়তো পার হয়ে গেছে।

