ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইসরায়েলকে সাহায্য করার প্রস্তাব দিয়েছে বহু বছরের শত্রুতার শিকার ফিলিস্তিন। এমন মানবিক উদাহরণকে নজিরবিহীন বলছে আন্তর্জাতিক গণমাধ্যম।
জেরুজালেমের পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপক আগুন। আগুন গ্রাস করছে বনভূমি, বসতি ও আশপাশের গ্রাম। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, দেশটির ফায়ার সার্ভিসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, “এটি হতে পারে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল।” রাতদিন চেষ্টা চালিয়েও নিয়ন্ত্রণে আনতে পারছে না দমকল বাহিনী।
এই সংকটকালে আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছে ইসরায়েল। ইতোমধ্যে আগুন নেভানোর জন্য অগ্নিনির্বাপক বিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ইতালি ও ক্রোয়েশিয়া। আবেদন জানানো হয়েছে গ্রিস, সাইপ্রাস ও বুলগেরিয়ার কাছেও।
এর মধ্যেই এক চমকপ্রদ প্রস্তাব আসে দীর্ঘদিনের সংঘাতে বিপর্যস্ত ফিলিস্তিনের কাছ থেকে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জেরুজালেম অঞ্চলে আগুন নেভাতে ফিলিস্তিনি অগ্নিনির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। অতীতে এমন উদ্যোগের নজির থাকলেও এবার পরিস্থিতির গভীরতা ও প্রতিক্রিয়ার মানবিকতা বিশ্বজুড়ে বিস্ময় জাগিয়েছে।
ইসরায়েল এখনো প্রস্তাবটির আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘ শত্রুতার ইতিহাসের মধ্যেও ফিলিস্তিনের এই উদারতা বিশ্বকে নতুন বার্তা দেয়- ঘৃণার জবাব ভালোবাসা দিয়ে দেওয়া যায়।
বিশ্লেষণধর্মী এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল লিখেছে, “এই আগুন শুধু বনভূমির নয়, এই আগুন এক আয়না- যেখানে দেখা যায় এক জাতির নিষ্ঠুর মুখ, আর তার বিপরীতে দাঁড়িয়ে থাকা এক করুণ, মানবিক হাত।”
এই ঘটনাকে কেউ কেউ বলছেন, ইতিহাসের এক বিরল মুহূর্ত, যেখানে বারুদের নিচে চাপা পড়া মানবতাই জেগে উঠে সামনে আসে।

