জম্মু ও কাশ্মীরের রামবান জেলার দুর্গম পাহাড়ি সড়কে ভয়াবহ দুর্ঘটনায় খাদে পড়ে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি। এতে অন্তত তিনজন সেনা সদস্য নিহত হয়েছেন। রোববার (৪ মে) ভারতের জাতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং পিটিআই এই তথ্য নিশ্চিত করেছে।
নিহত সেনারা হলেন- অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। সেনাবাহিনীর ওই যানটি জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে ব্যাটারি চাশমা এলাকায় স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, গভীর খাদে ছড়িয়ে-ছিটিয়ে আছে ধ্বংসপ্রাপ্ত গাড়ির অংশ, সেনা সদস্যদের মৃতদেহ, তাদের ব্যাগপত্র ও নথিপত্র। ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী, কাশ্মীর পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দল। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা না গেলেও পাহাড়ি পথের জটিলতা ও গাড়ির ভারসাম্যহীনতা সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।
কাশ্মীর অঞ্চলে সেনাবাহিনীর চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বরাবরই বেশি থাকে, বিশেষত দুর্গম ও আঁকাবাঁকা সড়কে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

