ভারতের সঙ্গে নতুন করে সৃষ্ট সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মির। নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় খাদ্য সরবরাহ বাড়ানোসহৃ জরুরি তহবিল গঠনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন-এর প্রতিবেদনে দেখা যায়, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের নির্দেশে সীমান্তবর্তী এলাকায় দুই মাসের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য বিশেষ করে আটা সরবরাহ নিশ্চিত করার কাজ শুরু করেছে স্থানীয় খাদ্য বিভাগ।
আজাদ কাশ্মিরের খাদ্যমন্ত্রী চৌধুরী আকবর ইব্রাহিম জানান, শীতকালে তুষারপাত ও গোলাবর্ষণের ফলে বিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলগুলোতে নিয়মিত খাদ্য সরবরাহ বজায় রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকা থেকে খাদ্য গুদাম সরিয়ে অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় নেওয়ার উদ্যোগও চলছে।
সরকার ইতোমধ্যে সীমান্তবর্তী ১৩টি আসনে খাদ্য, ওষুধ ও জরুরি সেবার জন্য ১০০ কোটি রুপির একটি ‘জরুরি তহবিল’ গঠন করেছে বলে আজাদ কাশ্মিরের আইনসভায় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব এলাকা নীলম, ঝেলম, হাভেলি, পুঞ্চ, কোটলি ও ভিম্বার জেলার অন্তর্গত।
খাদ্য বিভাগের পরিচালক আবদুল হামিদ কিয়ানি জানান, সব গুদামে পর্যাপ্ত পরিমাণ আটা মজুত করা হয়েছে এবং নতুন নির্দেশনায় দুই মাসের জন্য মজুদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৭০ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে তিনি জানিয়েছেন।
গত শনিবার মুজাফফরাবাদের একটি মিল থেকে ২৫০ টন আটা সীমান্তবর্তী অঞ্চলে পাঠানো হয়েছে। মিলের কার্যক্রম তদারকি করেন খাদ্য পরিদর্শক সৈয়দ জওয়ার হায়দার। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে সব এলাকায় সরবরাহ শেষ করার লক্ষ্যে কাজ চলছে।
বিশ্লেষকরা বলছেন, সীমান্তের এই প্রস্তুতি একদিকে যেমন সামরিক সংঘাতের শঙ্কা জোরালো করছে, অন্যদিকে মানবিক সহায়তার দিকটিও গুরুত্ব পাচ্ছে। আন্তর্জাতিক মহলে এই পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

