অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার নেতৃত্বাধীন লেবার পার্টিকে নিরঙ্কুশ বিজয়ে পৌঁছে দিয়ে দেশটির সংসদে শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছেন। নির্বাচনোত্তর এই অবস্থান কেবল দেশীয় রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
রয়টার্সের প্রতিবেদেনে দেখা যায়, লেবার পার্টি ১৫০ আসনের মধ্যে অন্তত ৮২টি আসনে জয় লাভ করেছে। এই জয় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডাসহ অন্যান্য গণতান্ত্রিক মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নির্বাচনের পরপরই প্রধানমন্ত্রী আলবানিজের একটি সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরের কথা আলোচনায় এসেছে। সফরে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শুল্ক, প্রতিরক্ষা খাত এবং এশিয়া-ইউরোপে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হতে পারে।
অস্ট্রেলিয়ার সাবেক রাষ্ট্রদূত আর্থার সিনোডিনোস বলেন, যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মিত্রের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার থাকা জরুরি। লোই ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মাইকেল ফুলিলাভের মতে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যখন নীতিগত দিক থেকে অস্থির মনে হয়, তখন সম্পর্কের গভীরতা বাড়ানো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী ও একমুখী নীতির প্রতি অস্ট্রেলীয় ভোটারদের নেতিবাচক প্রতিক্রিয়া এই নির্বাচনী ফলাফলে প্রতিফলিত হয়েছে। আলবানিজ নিজে কখনো ট্রাম্পকে সরাসরি আক্রমণ না করলেও, তার নীতিকে ‘আমেরিকানাইজেশন’ হিসেবে বর্ণনা করেছেন প্রচারে।
অর্থমন্ত্রী জিম চালমার্স বলেন, বিশ্ব অর্থনীতির অস্থির সময়ে জনগণ স্থিতিশীল নেতৃত্বের দিকেই ঝুঁকেছে।
যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির আহ্বান জানানো হয়েছিল, তবে লেবার পার্টি নির্বাচনী প্রচারে এ বিষয়ে নির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়নি। তবে আলবানিজ প্রশাসন আগেই আগামী এক দশকে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করেছে।
বিশ্লেষকদের মতে, এই নিরঙ্কুশ জয় আলবানিজকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী ও সক্রিয় ভূমিকা পালনে উৎসাহ দেবে।

