দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে পাকিস্তানে সরকারি সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সফরের মূল লক্ষ্য—দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক আগ্রহের সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি।
ইসলামাবাদে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আসাদ গিলানি। সঙ্গে ছিলেন পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার (৫ মে) পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম এআরওয়াই নিউজ এ তথ্য জানিয়েছে।
সফরকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক ডারের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে আলোচনায় থাকছে অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং সীমান্ত ইস্যু।
এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হবে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এই সফর ইরান ও পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতা। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রেই সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার এই সফরের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, এই সফরে শুধু দ্বিপাক্ষিক ইস্যু নয়, ইসরায়েলি হুমকি মোকাবিলার সম্ভাব্য কৌশল নিয়েও আলোচনা হবে।
তার ভাষায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী উচ্চপর্যায়ের বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক সংকট এবং পারস্পরিক নিরাপত্তাবিষয়ক নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
এই সফরকে ঘিরে দুই দেশের মধ্যে নতুন মাত্রার সম্পর্ক গড়ে উঠবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের।

