যুক্তরাষ্ট্রের প্রভাবশালী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য সব ধরনের সরকারি গবেষণা অনুদান বন্ধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এ সিদ্ধান্ত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে চলমান উত্তেজনাকে আরো তীব্র করেছে।
মঙ্গলবার (৬ মে) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সোমবার হার্ভার্ডকে পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রী লিন্ডা ম্যাকমাহন জানান, হার্ভার্ড উচ্চশিক্ষার আদর্শকে উপহাস করেছে। এখন থেকে এটি আর কোনো ফেডারেল অনুদানের জন্য আবেদন করতে পারবে না।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়টি এখন থেকে বেসরকারিভাবে পরিচালিত একটি প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে এবং তাদের সাবেক ধনী শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেই চলতে হবে।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি প্রায় ২.৩ বিলিয়ন ডলারের ফেডারেল সহায়তা পেয়েও ইহুদি-বিরোধী মনোভাব মোকাবিলায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
এছাড়া হার্ভার্ডকে বহিরাগত নিরীক্ষার আওতায় আনতে চাইলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে, কারণ এতে একাডেমিক স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা ছিল।
চিঠিতে ম্যাকমাহন আরো অভিযোগ করেন, হার্ভার্ড নাকি এমন বিদেশি শিক্ষার্থী ভর্তি করছে, যারা যুক্তরাষ্ট্র ও তার মূল্যবোধের প্রতি বিদ্বেষপ্রসূত আচরণ করছে। তার ভাষায়, এই শিক্ষার্থীরা কারা, কোথা থেকে আসছে, কেন এত ঘৃণা নিয়ে এসেছে- এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া জরুরি।
হার্ভার্ড প্রশাসন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের এমন পদক্ষেপ উচ্চশিক্ষার ভবিষ্যতের জন্য গুরুতর হুমকি।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বলেন, ২১ এপ্রিল ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল হার্ভার্ড, আর এই পদক্ষেপ তারই প্রতিশোধ। আজকের চিঠি গবেষণা ও উদ্ভাবনের প্রয়োজনীয় তহবিল আটকে দেওয়ার অবৈধ প্রচেষ্টা।
তিনি বলেন, হার্ভার্ড তার নীতিগত অবস্থান বজায় রাখবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, মতবৈচিত্র্যের পক্ষে দাঁড়াবে এবং ইহুদি বিদ্বেষ মোকাবিলায় দৃঢ় থাকবে।
হার্ভার্ড সম্প্রতি দুটি পৃথক টাস্কফোর্সের প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ক্যাম্পাসে ইহুদি ও মুসলিম ছাত্রদের বিরুদ্ধে বৈষম্যের বিষয়টি স্বীকৃত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গার্বার বলেন, কিছু শিক্ষার্থীকে তাদের বিশ্বাস বা পরিচয়ের কারণে ক্যাম্পাসজীবন থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। এটি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়।
উল্লেখ্য, ট্রাম্প ও মার্কিন রক্ষণশীল মহল দীর্ঘদিন ধরেই হার্ভার্ডসহ শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে চরম বামপন্থা ও ডানপন্থি মতাদর্শ দমনের অভিযোগ করে আসছে।

