মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপনের উদ্যোগকে ‘ইতিবাচক’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, এ অঞ্চলে আন্তঃসীমান্ত সহায়তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ও মিয়ানমারের জনগণ ও সরকারের নিরাপত্তা নিশ্চিত করাটাই মূল চাবিকাঠি।
সোমবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। শুরুতে সূচনা বক্তব্য দেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।
মানবিক করিডোর বিষয়ে মাইকেল মিলার বলেন, “শরণার্থীরা যদি বাংলাদেশের সীমান্তে থাকে, আমরা এখানে সহায়তা করব। যদি সীমান্তের ওপারে থাকে, তাহলে সেখানে সহায়তা পাঠানোর উপায় খুঁজে বের করব। এর মধ্য দিয়ে পরিস্থিতির উন্নয়ন সম্ভব।” তিনি জানান, বিশ্বজুড়ে ইইউ এমন আন্তঃসীমান্ত উদ্যোগে অংশ নিয়েছে, তবে তা সফল হতে হলে সংশ্লিষ্ট জনগণ ও সরকারগুলোর নিরাপত্তা এবং সম্মতি জরুরি।
বাংলাদেশে আসন্ন নির্বাচন প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেন, “নির্বাচনের সময় নির্ধারণ বাংলাদেশের নিজস্ব বিষয়। ইইউ কোনো চাপ সৃষ্টি করছে না।”
তবে তিনি বলেন, রাজনৈতিক উত্তরণ নিশ্চিত করতে সংস্কার প্রয়োজন, আর সে প্রক্রিয়ায় ইইউ সহায়তা দিতে প্রস্তুত। তিনি জানান, ইইউ আদালত, মতপ্রকাশের স্বাধীনতা ও দুর্নীতিবিরোধী প্রচেষ্টায় বাংলাদেশের পাশে থাকতে চায়।
মাইকেল মিলার বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে, যেখানে মৌলিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব।” তিনি জানান, ইউরোপের অর্ধেক দেশেই স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ ঘটেছে, বাংলাদেশেও একই সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রদূত জানান, নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে ইইউ বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে। সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধসহ সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করার আগ্রহ রয়েছে ইইউর। অভিবাসন বিষয়ে তিনি বলেন, “আমরা নিরাপদ, সম্মানজনক ও নিয়মিত অভিবাসনের পক্ষে। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশ থেকে এখনো অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ অভিবাসন দেখা যায়।”
জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের ব্রাসেলস সফর প্রসঙ্গে তিনি বলেন, “দলটির আগ্রহে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিএনপি, এনসিপি বা অন্য যে কোনো দলের জন্য ইইউ সদরদপ্তরের দরজা খোলা রয়েছে।”
নারী অধিকার প্রসঙ্গে তিনি জানান, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হলেও ইইউ সারাবিশ্বে নারী-পুরুষের সমানাধিকারের পক্ষে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের নারী উন্নয়নে ইইউর আগ্রহ রয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে সহিংসতা নিয়ে প্রশ্নে তিনি বলেন, “যদি অপরাধের সাক্ষ্যপ্রমাণ থাকে, তাহলে বিচারে বিলম্ব করা অনুচিত।” এ প্রসঙ্গে জাতিসংঘের প্রতিবেদনের প্রতি ইইউর সমর্থনের কথা জানান তিনি।
শেষে রাষ্ট্রদূত বলেন, ইইউ চায় একটি স্থিতিশীল, সহনশীল ও অংশগ্রহণমূলক বাংলাদেশ- যার সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা সম্ভব।

