যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীরা যদি স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চান, তবে তাদের প্রত্যেককে এক হাজার ডলার করে সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন। এ ছাড়া দেশে ফেরার যাতায়াত ব্যয়ও বহন করবে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়- সোমবার (৫ মে) এক বিবৃতিতে জানানো হয় এসব তথ্য। সূত্র: আলজাজিরা
বিবৃতিতে জানানো হয়েছে, স্বেচ্ছায় ফিরে যেতে ইচ্ছুক অভিবাসীদের হোমল্যান্ড সিকিউরিটির CBP One অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। তারা যেন কোনো ধরনের জোর-জবরদস্তি ছাড়াই এবং বন্দিশালায় না গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, সে ব্যবস্থাও রাখা হচ্ছে।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেন, “যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছেন, তাদের জন্য স্বেচ্ছায় ফিরে যাওয়াই সবচেয়ে নিরাপদ, কার্যকর ও অর্থনৈতিকভাবে সাশ্রয়ী পন্থা। আমরা প্রত্যেককে সহায়তা করতে প্রস্তুত।”
সরকারি হিসাব অনুযায়ী, অবৈধ অভিবাসীদের ধরে বন্দি রাখা ও জোরপূর্বক ফেরত পাঠাতে সরকারকে প্রতিজনের পেছনে গড়ে ১ হাজার ৭০০ ডলার খরচ করতে হয়। তাই স্বেচ্ছায় ফিরে যেতে আগ্রহীদের জন্য এই সহায়তা কর্মসূচিকে আর্থিকভাবে যুক্তরাষ্ট্রের জন্যও উপযোগী বলে মনে করছে প্রশাসন।
প্রসঙ্গত, চলতি বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরই তিনি অবৈধ অভিবাসন রোধে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এরপর থেকে অভিবাসীদের শনাক্ত করে ফেরত পাঠানোর কার্যক্রম আরও জোরদার হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ লাখ ৫২ হাজার অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। যদিও সংখ্যাটি ট্রাম্পের পূর্বসূরি বাইডেন প্রশাসনের তুলনায় কম-0 ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাইডেন প্রশাসন ফেরত পাঠিয়েছিল প্রায় ১ লাখ ৯৫ হাজার অভিবাসী।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যেসব অভিবাসী বৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী, তাদের জন্য দরজা খোলা থাকবে। এপ্রিলে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, “ভালো এবং নিয়ম মেনে আসা অভিবাসীদের জন্য আমরাই সহায়তার হাত বাড়িয়ে দেব।”

