জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি বলেছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের “ভিত্তিহীন অভিযোগ” দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
সোমবার (৫ মে) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।
৫৭টি মুসলিম দেশের সংগঠন ওআইসি এক বিবৃতিতে জানায়, “সন্ত্রাসবাদ যেখানেই হোক, আমরা তার বিরোধী। তবে কোনও জাতি, ধর্ম বা সংস্কৃতিকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করা অনুচিত এবং আমরা তা প্রত্যাখ্যান করি।” সংস্থাটি আরও বলে, পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেসব অভিযোগ তুলেছে, সেগুলো প্রমাণ-ভিত্তিক নয় এবং সেগুলো দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ পরিবেশকে আরও অস্থিতিশীল করে তুলছে।
বিবৃতিতে জম্মু ও কাশ্মির পরিস্থিতিরও বিশেষ উল্লেখ করে বলা হয়, “দীর্ঘদিন ধরে অমীমাংসিত এই সংকট দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার অন্যতম বড় অন্তরায়। কাশ্মিরবাসী এখনও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী আত্মনিয়ন্ত্রণাধিকার থেকে বঞ্চিত।”
ওআইসি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত, কার্যকর এবং শান্তিপূর্ণ হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি কাশ্মিরে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এই হামলাকে ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার পর সর্ববৃহৎ বলে উল্লেখ করা হচ্ছে। এর পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
এরইমধ্যে ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে, যার জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত এবং ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দেয়।
এই পরিস্থিতিতে শনিবার পাকিস্তান “আবদালি” ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে, যা ভারতের দৃষ্টিতে “উসকানিমূলক পদক্ষেপ” হিসেবে বিবেচিত হয়েছে। ৪৫০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র “সিন্ধু মহড়া”র অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়। সোমবার আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর, উত্তেজনার মধ্যেই ওআইসির পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলো।
ভারত এর আগেও ওআইসির বিবৃতিগুলোকে “দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ” বলে নাকচ করেছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে ওআইসির বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বড় ধরনের কূটনৈতিক বার্তা বহন করছে।

