গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় সোমবার (৬ মে) আরও ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫২ হাজার ৬০০ জনে। একইসঙ্গে আহত হয়েছেন আরও ১১৯ জন, যার ফলে মোট আহতের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং বার্তাসংস্থা আনাদোলু পৃথক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় হতাহতদের এই সংখ্যা নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা।
গাজার মিডিয়া অফিস সতর্ক করে জানিয়েছে, অবরোধের ফলে হাসপাতালগুলো ধীরে ধীরে অচল হয়ে পড়ছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে হাজারো আহত ও অসুস্থ মানুষের জীবন বর্তমানে চরম ঝুঁকিতে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি অভিযানেই প্রাণ হারিয়েছেন প্রায় ২,৫০০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৬,৫০০ জনেরও বেশি।
জাতিসংঘ বলছে, এই যুদ্ধের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অধিকাংশ অবকাঠামো ধ্বংস বা চরম ক্ষতির মুখে পড়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় দুই মাস তুলনামূলক শান্তিপূর্ণ সময় পার করলেও মার্চের তৃতীয় সপ্তাহে ফের হামলা শুরু করে ইসরায়েল। হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে এই অভিযান শুরুর দাবি করে তেলআভিভ।
এর আগে, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়াও আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান রয়েছে, যেখানে গাজায় চলমান এই দমন-পীড়নকে ‘রাষ্ট্রীয়ভাবে পরিচালিত মানবতাবিরোধী অভিযান’ হিসেবে অভিহিত করা হয়েছে।

