রাশিয়ার রাজধানী মস্কো টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়েছে। এতে নগরীর চারটি প্রধান বিমানবন্দর- ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো ও ঝুকোভস্কি- সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া।
মঙ্গলবার (৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে হতে জানা য়ায়, ইউক্রেনের ছোড়া অন্তত ১৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান মহাসড়কে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে ইউক্রেন এখনও এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এছাড়া সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলেও ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রিলস্ক শহরে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলায় দুটি কিশোর আহত হয় এবং বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা তিওতকিনো গ্রামের কাছে রুশ ড্রোন কমান্ড ইউনিটে সফলভাবে আঘাত হানে।
রাশিয়ার সামরিক ব্লগারদের বরাতে জানা গেছে, ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পেরিয়ে কুরস্ক অঞ্চলে ঢুকে সাঁজোয়া যান নিয়ে হামলা চালায়। রুশ বাহিনী সড়কে স্থাপিত একটি সেতু উড়িয়ে দিয়ে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে।
হামলার আশঙ্কায় ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলের দুটি বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বছরের আগস্টে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সফল অভিযানের দাবি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। রাশিয়া দাবি করলেও যে তারা অঞ্চলটি পুনরুদ্ধার করেছে, ইউক্রেন জানায়- তাদের বাহিনী এখনও এলাকাটিতে সক্রিয় রয়েছে।

