ইয়েমেনের বন্দরনগরী হোদেইদায় একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৫ মে) হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে এই দাবি করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা হুথি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, হোদেইদার অন্তত নয়টি স্থানে ইসরায়েলি বাহিনীর হামলা হয়েছে।
হুথিদের দাবি, এই হামলা ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার জবাব। রবিবার হুথিরা দখলদার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় পড়ে। ওই ঘটনার পর কিছু সময়ের জন্য বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুথিদের এই হামলাকে ‘গুরুতর হুমকি’ হিসেবে উল্লেখ করে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তার পরপরই শুরু হয় ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এ অভিযানে অন্তত ৩০টি ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নেয়।
এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলা ইসরায়েল এককভাবে পরিচালনা করলেও, তা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে পরিচালিত হয়েছে।
হামলার আগে ইসরায়েলি অভিযানের অংশ হিসেবে ইয়েমেনের রাজধানী সানাতেও বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।
হুথি বিদ্রোহীরা সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল–ইয়েমেন সীমানা। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

