পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার তিন জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৮ জন সন্ত্রাসী এবং একজন সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (৫ মে) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার ও রবিবার খাইবার, বান্নু এবং উত্তর ওয়াজিরিস্তানে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র গুলিবিনিময় হয়। এতে পাকিস্তান সেনাবাহিনীর নায়েক মুজাহিদ খান (৪০) শহীদ হন।
আইএসপিআরের ভাষায়, “এই দেশের সাহসী সন্তান মৃত্যুকে আলিঙ্গন করেছেন, আর ৮ জন খারিজিকে নরকে পাঠানো হয়েছে।”
নিহত সন্ত্রাসীরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য বলে জানা গেছে। যদিও সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে সংগঠনটির নাম উল্লেখ না করে ‘খারিজি’ বা ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে থাকে।
আইএসপিআর জানায়, দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং সেনাবাহিনী এই উদ্দেশ্যে প্রতিজ্ঞাবদ্ধ।
উল্লেখ্য, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসী হামলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে ২০২৪ সালকে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বছর হিসেবে উল্লেখ করা হচ্ছে। ওই বছর ৪৪টি সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন নিরাপত্তা সদস্য এবং ৯২৭ জন বেসামরিক নাগরিক। একই বছরে সেনা-পুলিশ যৌথ অভিযানে ৯৩৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
বিশ্লেষকদের মতে, সন্ত্রাসবাদ দমন এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় পাকিস্তান সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকলেও, রাজনৈতিক সমাধানের পথ খুঁজে না পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

