গাজায় চলমান সংঘাত ও ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় নিয়ে আর কোনো আলোচনায় যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হামাস। ইসরায়েলের সম্প্রসারিত অভিযান এবং গাজা ভূখণ্ড দীর্ঘমেয়াদে দখলে রাখার ঘোষণার জবাবে এ অবস্থান নেয় সংগঠনটি।
হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল যখন অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তখন নতুন কোনো প্রস্তাব নিয়ে আলোচনায় বসা অর্থহীন। সূত্র: বিবিসি
ইসরায়েলি কর্মকর্তারা সোমবার এক বিবৃতিতে জানান, তাদের লক্ষ্য হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করা এবং সংগঠনটিকে সম্পূর্ণভাবে নির্মূল করা। সেই সঙ্গে তারা গাজার ২১ লাখের বেশি মানুষকে স্থানচ্যুত করে পুরো ভূখণ্ডের দখল নিতে চায় বলে জানায়।
মানবিক সহায়তা বিতরণের ক্ষেত্রে সামরিক ঘাঁটি থেকে বেসরকারি সংস্থার মাধ্যমে সরবরাহের পরিকল্পনা করছে ইসরায়েল। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ভূমিকা সীমিত হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েল জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ না হওয়া পর্যন্ত অভিযানের পূর্ণ বাস্তবায়ন শুরু করা হবে না। তারা এটিকে হামাসের জন্য “সুযোগের জানালা” বলে উল্লেখ করে।
ইসরায়েলের নতুন দখল পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় বহু বেসামরিক মানুষ নিহত হবে এবং অঞ্চলটি আরও ধ্বংসের মুখে পড়বে।
এছাড়া ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী সামরিক কেন্দ্র থেকে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মানবিক সহায়তা বিতরণকে জাতিসংঘ ও তার সহযোগী সংস্থাগুলো মানবিক নীতিমালার পরিপন্থী বলেও উল্লেখ করেছে। তারা ঘোষণা দিয়েছে, এমন বিতরণ পদ্ধতিতে তারা অংশ নেবে না।
গাজায় ইসরায়েলি অভিযানের কারণে কয়েক মাস ধরে লক্ষাধিক মানুষ বাস্তুহারা। সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও সংঘাত বন্ধে কার্যকর সমঝোতা হয়নি। হামাসের এই সর্বশেষ অবস্থান, সংকটের কূটনৈতিক সমাধানকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

