মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বহু বছর ধরে জাতিগত বৈষম্য, সেনা নির্যাতন আর রাজনৈতিক উপেক্ষার শিকার এই অঞ্চল এখন নতুন বাস্তবতার মুখে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি শুধু লড়াই করছে না বরং তারা ধীরে ধীরে একটি স্বশাসিত প্রশাসন গড়ে তুলছে।
প্রশ্ন উঠেছে—রাখাইন কি তাহলে সত্যিই স্বাধীনতার দিকে এগোচ্ছে?
২০০৯ সালে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সহায়তায় আরাকান আর্মি গঠিত হয়। শুরুতে তারা কাচিনে প্রশিক্ষণ নিলেও ২০১৫ সাল থেকে রাখাইনে সক্রিয়ভাবে যুদ্ধ শুরু করে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অস্থিরতায় তারা দ্রুত বিস্তার লাভ করে। এখন রাখাইনের অনেক এলাকায় তাদের কার্যত নিয়ন্ত্রণ।
২০২৪ সালের শুরুতে তারা ঘোষণা দেয়—‘স্বশাসিত আরাকান প্রশাসন’ এখন চালু। স্থানীয় সংবাদমাধ্যম ও পর্যবেক্ষকদের মতে মাউন্দো, মিনবিয়া, পলেটওয়া এবং বুথিডংসহ অনেক এলাকায় তারা পুলিশ, কর আদায়, স্থানীয় বিচার ও সীমান্ত নিয়ন্ত্রণ পরিচালনা করছে। নিজেদের পতাকা ও পোশাকধারী সদস্যদের মাধ্যমে চলছে প্রশাসনিক কার্যক্রম। মিয়ানমার সরকারের কোনো আদেশ তারা মানছে না।
অনেক বিশ্লেষক বলছেন, এটি একটি ‘ডি ফ্যাক্টো স্টেট’ বা বাস্তবতাপ্রসূত রাষ্ট্রের উদাহরণ। অর্থাৎ, স্বীকৃতি না থাকলেও যারা নিজেরা শাসনব্যবস্থা চালায়।
রাখাইন শুধু একটি সীমান্ত নয়, এটি একটি কৌশলগত অঞ্চল। বঙ্গোপসাগরের তীরে কিয়াকপিউতে চীন গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে। এখান দিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পাইপলাইন। এই অঞ্চল চীনের বিআরআই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ। আর তাই অঞ্চলটি আরাকান আর্মির দখলে গেলে চীনের বিপুল বিনিয়োগ হুমকিতে পড়বে।
তবে চীন কৌশলগতভাবে বিদ্রোহীদের সঙ্গেও যোগাযোগ রাখে। আরাকান আর্মির কিছু কূটনৈতিক বার্তায় দেখা গেছে, চীন হয়তো তাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। যদি তারা চীনা প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করে, তবে চীন এ প্রশাসন মেনে নিতে পারে।
ভারতের দৃষ্টিতেও রাখাইন গুরুত্বপূর্ণ। তাদের ‘কালাদান প্রকল্প’ বাস্তবায়নের জন্য বিকল্প রুট দরকার, যা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে করা সম্ভব। এতে ভারতের বাণিজ্যিক ও সামরিক প্রস্তুতি বাড়বে। ফলে বাংলাদেশ এই পুরো ভূরাজনীতিতে কৌশলগত একটি অবস্থানে চলে এসেছে।
যুক্তরাষ্ট্রও এই অঞ্চলকে তাদের ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে দেখছে। তারা মানবিক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছে, যা অনেকেই চীনের প্রভাব হ্রাসের একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন।
বাংলাদেশের জন্য রাখাইন রাজ্য সবসময়ই সংবেদনশীল। এখান থেকেই ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরু হয়। এখনো ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। সাম্প্রতিক সংঘর্ষে সীমান্তে গোলাবর্ষণ, ড্রোন হামলা ও অনুপ্রবেশ বেড়েছে। ২০২৪ সালের মার্চ-এপ্রিলে মিয়ানমারের বর্ডার গার্ড ও সেনারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। বিজিবি পাল্টা প্রতিক্রিয়া জানায়। বিশ্লেষকরা বলছেন, এটি বাংলাদেশের জন্য একটি গুরুতর নিরাপত্তা হুমকি।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত মানবিক করিডোর বা ‘প্রক্সি যুদ্ধ’-এ অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো বাংলাদেশ সরকার স্পষ্ট কিছু জানায়নি। সরকারের দাবি, এ নিয়ে প্রচারিত খবরগুলো গুজব এবং অপপ্রচার।
আরেকটি উদ্বেগের বিষয়—রোহিঙ্গাদের আরাকান আর্মিতে যুক্ত করা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রোহিঙ্গা তরুণরা বিদ্রোহীদের দলে ভিড়ছে। এতে ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর উত্থান এবং প্রত্যাবাসনের সম্ভাবনা আরও দুর্বল হচ্ছে।
যদিও এখনো স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয়নি, আরাকান আর্মি বারবার বলছে তারা ‘আরাকান জাতি’র স্বশাসিত অঞ্চল গঠন করতে চায়। তাদের বক্তব্য—“আমরা এমন এক সরকার গড়ছি, যা রাখাইন জনগণের স্বার্থে কাজ করবে।” তবে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলে জাতিসংঘ ও আঞ্চলিক শক্তির সমর্থন দরকার। যা এখনো অনেক দূরের পথ।
মিয়ানমার সেনাবাহিনী রাখাইনকে অখণ্ড অংশ হিসেবেই দেখে। তারা এটি হাতছাড়া করতে চায় না। অন্যদিকে চীন, ভারত কিংবা বাংলাদেশ কেউই সেখানে একটি নতুন রাষ্ট্র চায় না। কারণ তাতে পুরো অঞ্চলের নিরাপত্তা ও ভারসাম্য নষ্ট হতে পারে।
আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে শুধু ঘোষণা দিয়েই স্বাধীন রাষ্ট্র হওয়া যায় না। জাতিসংঘসহ বৈশ্বিক স্বীকৃতি অপরিহার্য। আরাকান আর্মি এখনো সে অবস্থানে না পৌঁছালেও তারা যে ধরনের প্রশাসন ও বাহিনী গড়ে তুলছে, তা কুর্দিস্তান, দোনবাস বা কারাবাখের মতো ‘ডি ফ্যাক্টো রাষ্ট্র’-এর সঙ্গে তুলনীয়।
বাংলাদেশ এখন একটি কৌশলগত জটিলতার মধ্যে আছে। একদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সরকারের সঙ্গে সম্পর্ক জরুরি। অন্যদিকে আরাকান আর্মিকে উপেক্ষা করলে সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ হয়তো প্রকাশ্যে এক নীতি আর বাস্তবে আরেক নীতি অনুসরণ করবে—মিয়ানমারের সঙ্গে কূটনীতি বজায় রেখে, সীমান্তে বিদ্রোহীদের সঙ্গেও যোগাযোগ রাখতে হতে পারে।
বাংলাদেশ চাইলে জাতিসংঘ বা আসিয়ানকে মধ্যস্থতাকারী হিসেবে কাজে লাগাতে পারে। চীনের সঙ্গেও কৌশলগত আলোচনা দরকার, যাতে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
জাতিসংঘ ইতোমধ্যে রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ হয়ে একটি করিডোর তৈরির প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হলেও এখনো কোনো চুক্তি হয়নি। অনেকেই আশঙ্কা করছেন, এটি হয়তো দীর্ঘমেয়াদি সমাধানে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ বন্ধ করে দিতে পারে।
রাখাইনে যা ঘটছে, তা শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা নয়। এটি এখন আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনীতির বড় ইস্যু। আর এর মাঝখানে বাংলাদেশকে নিতে হচ্ছে অত্যন্ত হিসেবি সিদ্ধান্ত—নিরাপত্তা, কূটনীতি ও মানবিক চাপে ভারসাম্য রেখে।

