পার্লামেন্টে ছয় ভোটের ব্যবধানে হেরে গেলেন রক্ষণশীল নেতা
জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর হিসেবে আলোচনায় থাকা রক্ষণশীল নেতা ফ্রেডরিখ মার্জ পার্লামেন্টে প্রথম দফার ভোটাভুটিতে মাত্র ছয় ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এতে করে তাঁর নেতৃত্বাধীন সিডিইউ/সিএসইউ জোটের সরকার গঠন প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত পার্লামেন্টের ভোটাভুটিতে মার্জ পেয়েছেন ৩১০টি ভোট, যেখানে চ্যান্সেলর নির্বাচিত হতে প্রয়োজন ছিল ৩১৬টি ভোট। ফলে পার্লামেন্টে গঠিত সিডিইউ/সিএসইউ ও মধ্য-বামপন্থি এসপিডির জোট এ ধাক্কায় বড় রকমের সংকটে পড়েছে।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে ফ্রেডরিখ মার্জের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট ২৮.৫ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে। কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাদের সরকার গঠনের জন্য জোটসঙ্গীর প্রয়োজন পড়ে।
এজন্য তারা মধ্য-বামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি (এসপিডি)-র সঙ্গে জোট গঠন করে, যারা নির্বাচনে মাত্র ১৬.৪ শতাংশ ভোট পেয়েছিল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এসপিডির সবচেয়ে দুর্বল ফলাফল।
পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসট্যাগের প্রেসিডেন্ট জুলিয়া ক্লোকনার ভোটাভুটির ফলাফল ঘোষণার পর জানান, কীভাবে সামনে এগোনো যায় তা নিয়ে দলের মধ্যে আলোচনার জন্য অধিবেশন মুলতবি রাখা হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে নতুন করে ভোট আয়োজন করা হতে পারে, অথবা একই প্রার্থী কিংবা নতুন কাউকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চ্যান্সেলর নির্বাচনের উদ্যোগ নিতে পারে সংসদ।
বিশ্লেষকদের মতে, ভোটাভুটিতে মার্জের এই অপ্রত্যাশিত পরাজয় তার নেতৃত্বে গঠিত জোটের ভিত নড়বড়ে করে তুলেছে। একই সঙ্গে এটি জার্মান রাজনীতিতে একটি নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে, যেখানে সরকার গঠন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ফ্রেডরিখ মার্জের পক্ষে পরবর্তী ভোটে সমর্থন আদায় করা না গেলে হয়তো নতুন নেতা নির্বাচন বা নতুন জোট গঠনের চেষ্টায় যেতে হতে পারে দেশটিকে।

